ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে প্রথমবার খেলছে যে ৪ দেশ, ইতিহাস গড়তে প্রস্তুত

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ মে ১৯ ১৭:২৬:০২

বিশ্বকাপে প্রথমবার খেলছে যে ৪ দেশ, ইতিহাস গড়তে প্রস্তুত

আর মাত্র ২৩ দিন পরই পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর দল সংখ্যা বাড়ার সুবাদে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে চারটি দেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তান।

বিশ্বকাপের নতুন এই অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কুরাসাও। কনকাকাফ অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এবারই প্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা এবং ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশগুলোর একটি হতে যাচ্ছে। গ্রুপ ‘ই’-তে জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে কুরাসাও।

আফ্রিকার প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলীয় দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র ৫ লাখ ২৫ হাজার। আফ্রিকান বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। গ্রুপ ‘এইচ’-এ স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে।

এশিয়ান ফুটবলে দীর্ঘদিন ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েও বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা হয়নি জর্ডানের। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচেছে দেশটির। জর্ডান এবার গ্রুপ ‘জে’-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অন্যদিকে বহু বছর ধরে প্লে-অফের হতাশা সঙ্গী হওয়া উজবেকিস্তান অবশেষে ইতিহাস গড়েছে। মধ্য এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। গ্রুপ ‘কে’-তে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে উজবেকিস্তান।

৪৮ দলের এই বিশ্বকাপ নতুন দেশগুলোর জন্য শুধু অংশগ্রহণ নয়, বরং নিজেদের সামর্থ্য বিশ্বমঞ্চে প্রমাণের বড় সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন নতুন ইতিহাস গড়তে নামা এই চার দলের দিকেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত