ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১ জুলাই থেকেই চালু হচ্ছে নবম পে স্কেল, যত টাকা বাড়ছে বেতন

২০২৬ মে ১৯ ১৫:২০:২৮

১ জুলাই থেকেই চালু হচ্ছে নবম পে স্কেল, যত টাকা বাড়ছে বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। নতুন অর্থবছরের শুরু থেকেই এই পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেল কীভাবে সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে নতুন মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ মূল বেতন বাস্তবায়ন করা হবে। সর্বশেষ ধাপে বিভিন্ন ভাতা, আর্থিক সুবিধা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সম্পূর্ণভাবে সমন্বয় করা হবে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। একাংশ ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে বাস্তবসম্মত মনে করলেও অন্য একটি অংশ দাবি তুলেছে, পুরো পে স্কেল একসঙ্গে কার্যকর করতে হবে। তাদের মতে, আংশিক বাস্তবায়ন বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে এবং এতে প্রত্যাশিত সুফল কমে যেতে পারে।

প্রস্তাবিত নবম পে স্কেলে বর্তমানে প্রচলিত ২০ গ্রেডের কাঠামো বহাল রাখা হচ্ছে। নতুন সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে।

এছাড়া বিভিন্ন গ্রেডে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বৈশাখী ভাতা বৃদ্ধি, টিফিন ভাতা বাড়ানো এবং বিশেষ ভাতার মতো কিছু নতুন সুবিধাও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবশেষে ২০১৫ সালে অষ্টম পে স্কেল চালু হয়েছিল। প্রায় ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত