ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা

২০২৬ মে ১৩ ১৭:২৩:৪৫

কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম রাখা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

বাণিজ্যমন্ত্রী জানান, ঈদে কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এজন্য ইতোমধ্যে প্রায় ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে। এতে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং মৌসুমি ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়ার বাজার নিয়ে নানা আলোচনা তৈরি হয়। তাই আগেভাগেই দর নির্ধারণ এবং সংরক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়ায় বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত