ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রিজনভ্যান দুর্ঘটনার পর পলকের ঘাড় ও কোমরের ৫টি হাড়ে গুরুতর সমস্যা

২০২৬ মে ১২ ১৬:৫২:০৩

প্রিজনভ্যান দুর্ঘটনার পর পলকের ঘাড় ও কোমরের ৫টি হাড়ে গুরুতর সমস্যা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর শারীরিক অবস্থার বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। তার এমআরআই প্রতিবেদনে ঘাড়ের দুটি ও কোমরের তিনটি হাড়ে গুরুতর সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর গত ৫ মে আদালতে এমআরআই করার আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশনায় পিজি হাসপাতালে তার এমআরআই সম্পন্ন হয়। সর্বশেষ হাতে পাওয়া প্রতিবেদনে কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে হাড় সরে যাওয়ার তথ্য উঠে এসেছে। এছাড়া ঘাড়ের সি৫-৬ এবং সি৬-৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।

আইনজীবীর দাবি, সাবেক প্রতিমন্ত্রী আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুর্ঘটনার পর তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছেন না বলেও জানিয়েছেন তরিকুল ইসলাম। দ্রুত উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।

এদিকে প্রিজনভ্যান দুর্ঘটনাকে ঘিরে প্রশ্নও তুলেছেন পলকের আইনজীবী। তার ভাষ্য, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা—সেটি নিয়ে সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত