ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কর দিতে হবে না যেসব মোটরসাইকেলে

২০২৬ মে ১২ ১৬:৪৩:৫৫

কর দিতে হবে না যেসব মোটরসাইকেলে

দেশে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নতুন কর কাঠামোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর বা এআইটি আরোপের প্রস্তাব রাখা হতে পারে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের মালিকদের জন্য থাকছে স্বস্তির খবর। প্রস্তাব অনুযায়ী, এই শ্রেণির মোটরসাইকেলে কোনো কর দিতে হবে না।

সূত্র জানিয়েছে, সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের আলোচনা চলছে। নতুন কাঠামো অনুযায়ী ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা কর আরোপ করা হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেল ১১০ সিসি বা তার নিচের হওয়ায় বিপুল সংখ্যক ব্যবহারকারী করমুক্ত সুবিধা পেতে পারেন।

বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদা করে অগ্রিম আয়কর দিতে হয় না। তারা এককালীন রেজিস্ট্রেশন ফি ও নির্ধারিত রোড ট্যাক্স পরিশোধ করেন। বিদ্যমান নিয়মে ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা এবং নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স দিতে হয়। অন্যদিকে ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও রোড ট্যাক্সের পরিমাণ আরও বেশি।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, নতুন এই কর ব্যবস্থা কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। তবে আয়কর আইনের আওতায় মোটরসাইকেল মালিকরা তাদের আয়কর রিটার্নে এই অগ্রিম কর সমন্বয়ের সুযোগ পাবেন।

যদিও প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি, তবুও আসন্ন জাতীয় বাজেট ঘোষণার সময় মোটরসাইকেল কর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত