ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তেল ১৩০, চিনি ৮০ ও ডাল ৭০ টাকায়

২০২৬ মে ১২ ১১:৩৭:২২

তেল ১৩০, চিনি ৮০ ও ডাল ৭০ টাকায়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি।

রোববার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সরকারি নির্দেশনায় চলমান ভর্তুকি মূল্যের কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ ট্রাকসেল পরিচালনা করা হবে। এই কার্যক্রম চলবে টানা ১০ দিন, তবে শুক্রবার বন্ধ থাকবে।

নতুন এই কর্মসূচির আওতায় প্রতি কেজি চিনি ৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক, অন্য বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক চলবে। সব মিলিয়ে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন সাধারণ মানুষ পণ্য কিনতে পারবেন। এভাবে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।

এদিকে টিসিবির কার্ডধারী প্রায় ৭২ লাখ পরিবারকেও মে মাসজুড়ে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কার্ডধারীদের জন্য নির্ধারিত পণ্যের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত