ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেলের সংকট নিয়ে স্বস্তির খবর

২০২৬ এপ্রিল ২৩ ১২:৪৬:৩৩

তেলের সংকট নিয়ে স্বস্তির খবর

দেশের জ্বালানি তেল সংকট নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের চাহিদা অন্তত আগামী মে মাস পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়েছে।

জাতীয় সংসদে এক আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মাত্র সাত দিনের জ্বালানি মজুদ ছিল। এর পরপরই মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে ঝুঁকির কারণে আমদানিনির্ভর জ্বালানি সরবরাহ চাপে পড়ে।

তবে সরকারের দ্রুত পদক্ষেপ ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি জুন-জুলাই মাসের চাহিদা মেটানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হলেও বাংলাদেশে তা তুলনামূলক কম, প্রায় ১০ থেকে ১৬ শতাংশের মধ্যে রাখা হয়েছে। কৃষি খাতের কথা বিবেচনা করে শুরুতে ৪৫ দিন দাম না বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

সংসদে তিনি অবৈধ তেল মজুদ ও পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিভিন্ন স্থানে পানির ট্যাংক, বাড়িঘর এমনকি অ্যাম্বুলেন্স ব্যবহার করেও তেল পাচারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জ্বালানি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে। এই ব্যবস্থা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সবশেষে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি জাতীয় সমস্যা। এ সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত