ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগে তাসনিম জারার ৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১০:০৫:০১

নতুন বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগে তাসনিম জারার ৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়টি প্রকাশ করেন।

পোস্টে তাসনিম জারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব মৌলিকভাবে আলাদা। তিনি ব্যাখ্যা করেছেন, সচিব সরকারের নীতি বাস্তবায়ন করেন, তাই সরকার পরিবর্তনের সঙ্গে সচিবের বদল স্বাভাবিক বিষয়। কিন্তু গভর্নরের প্রধান দায়িত্ব হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও অবস্থান নেওয়া। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ, সেটিও তিনি তুলে ধরেছেন।

ডা. তাসনিম জারা আরও উল্লেখ করেন, গভর্নরের নির্দিষ্ট মেয়াদ থাকা জরুরি, যাতে তিনি রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করতে পারেন। সরকারের সঙ্গে গভর্নরের বদল সচিবালয়ের রদবদলের মতো বিষয় নয়।

পরে তিনি ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যেগুলো হলো:

নতুন গভর্নর কি সরকারের সঙ্গে দ্বিমত হলে তা প্রকাশ করতে পারবেন, নাকি সব সিদ্ধান্ত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে?

তিনি কি তার সব ব্যবসায়িক সম্পৃক্ততা বাস্তবিক অর্থে ত্যাগ করেছেন?

খেলাপি ঋণ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে কি না?

সুদের হার, মুদ্রা সরবরাহ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আগের নীতি অব্যাহত থাকবে কি না?

টাকার মান বাজারভিত্তিক থাকবে, নাকি কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হবে?

উল্লেখ্য, বুধবার সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করে এবং ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত