ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

২০২৬ ফেব্রুয়ারি ২০ ০৯:৫৬:০৬

৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষকে নিরাপত্তা ও সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকির জন্য ১৫ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত কমিটিতে নারী ও শিশু মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বশীলও কমিটিতে থাকবেন।

এই কমিটির দায়িত্ব হবে— ‘ফ্যামিলি কার্ড’-এর নকশা ও কার্যপ্রণালী নির্ধারণ কোন পরিবার সুবিধাভোগী হবে তার নির্বাচন পদ্ধতি তৈরি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ যুক্ত করে ডিজিটাল এমআইএস গড়ে তোলা পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি বিভাগে একটি করে উপজেলায় কার্যক্রম শুরু করা

সরকারের লক্ষ্য, আসন্ন ঈদুল ফিতরের আগেই এসব উপজেলায় সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা। এজন্য কমিটিকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নারী ও শিশু মন্ত্রণালয় কমিটির সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। ধাপে ধাপে এটি সারাদেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্র জানায়।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারগুলো সরকারের সহায়তা আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থা মাধ্যমে পাবে—এমনটাই আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত