ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোটগ্রহণ শেষ: যখন ঘোষণা করা হবে ফলাফল

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৭:১৯:৫৮

ভোটগ্রহণ শেষ: যখন ঘোষণা করা হবে ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশেই সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভিড়ও বেড়ে যায়। দুপুরের পর অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ার হার দাঁড়ায় ৪৭.৯১ শতাংশ।

নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মাঠে দায়িত্ব পালন করেন প্রায় ৯ লাখ সদস্যের আইন–শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে ছিলেন ১ লাখের বেশি সেনাসদস্য।

এবারের নির্বাচনে ভোট নেওয়া হয়েছে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে। এসব কেন্দ্রে ব্যবহৃত হয়েছে ২ লাখ ৪৭ হাজারের বেশি ভোটকক্ষ। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

গণভোট ও সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের সংখ্যা এবার ছিল লক্ষণীয়। দেশে ও বিদেশে মোট ১১ লাখের বেশি পোস্টাল ব্যালট জমা পড়ে। বিদেশ থেকে প্রবাসী ভোটাররা সক্রিয়ভাবে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রায় ৫ লাখেরও বেশি ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর হয়েছে।

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন ২ হাজার ৯৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি তদারকিতে মাঠে ছিলেন আরও প্রায় ১,০৪৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দেশীয় ৮১টি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৫৪০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সব চোখ ভোটের ফলাফলের দিকে। শিগগিরই শুরু হবে গণনা, এরপরই জানা যাবে জনগণের রায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত