ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচন : সারা দেশে বন্ধ হলো যে সকল যানবাহন চলাচল

২০২৬ ফেব্রুয়ারি ১১ ০৮:২৮:৩৮

জাতীয় নির্বাচন : সারা দেশে বন্ধ হলো যে সকল যানবাহন চলাচল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারা দেশে মোটরসাইকেল চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে টানা ৭২ ঘণ্টা—১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

মোটরসাইকেলের পাশাপাশি আরও কিছু যানবাহনে নিষেধাজ্ঞা

মাত্র মোটরসাইকেলই নয়, নির্দিষ্ট সময়ের জন্য অন্যান্য পরিবহনেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত—২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলও সীমিত থাকবে।

যেসব যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকছে

তবে জরুরি ও গুরুত্বপূর্ণ প্রয়োজন বিবেচনায় বেশ কিছু যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর গাড়ি

প্রশাসন ও অনুমোদিত নির্বাচনী পর্যবেক্ষকদের যানবাহন

ওষুধ, স্বাস্থ্যসেবা ও জরুরি সামগ্রী পরিবহন

সংবাদপত্র পরিবহনকারী যানবাহন

বিমানবন্দরগামী বা সেখান থেকে ফেরত যাত্রীবাহী গাড়ি (টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে)

দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন

প্রার্থীদের যানবাহনে সীমিত ছাড়

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন এবং গাড়িতে স্টিকার প্রদর্শনের ভিত্তিতে চলাচল করতে পারবে।

সাংবাদিক ও জরুরি সেবা খাতের জন্য বিশেষ অনুমতি

সাংবাদিক, নির্বাচনী পর্যবেক্ষক এবং জরুরি প্রয়োজনীয় কাজে নিয়োজিত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনক্রমে চলাচল করতে পারবে।টেলিযোগাযোগকে জরুরি সেবা হিসেবে অন্তর্ভুক্ত করে বিটিআরসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর গাড়িও এই ছাড়ের আওতায় থাকবে।

মহাসড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় শিথিলতার সুযোগ

জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা বা বড় শহরে প্রবেশ–বহির্গমনকারী সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাগুলোতে প্রয়োজনীয়তা বিবেচনায় নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা যেতে পারে।এই ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত