ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টানা চার দিনের ছুটি, নির্বাচনের আগেই মিলছে বড় স্বস্তি

২০২৬ জানুয়ারি ২২ ১৬:৫৪:৩৮

টানা চার দিনের ছুটি, নির্বাচনের আগেই মিলছে বড় স্বস্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশবাসীর জন্য আসছে টানা চার দিনের ছুটির সুখবর। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রেসসচিব বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শিল্পকারখানার শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে তাদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনই ছুটি রাখা হয়েছে।

এদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সেদিনও সরকারি ছুটি থাকবে। এরপর যথারীতি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষ।

নির্বাচন উপলক্ষে এই দীর্ঘ ছুটিতে অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ বা নিজ নিজ এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে ছুটির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত