ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের বাজারে সোনার নতুন ইতিহাস

২০২৬ জানুয়ারি ২১ ১৫:০৪:১৭

দেশের বাজারে সোনার নতুন ইতিহাস

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। একদিনেই ভরিতে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই নতুন দাম বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন মূল্য ঘোষণা করে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম উঠেছে ৬ হাজার ৫৯০ টাকায়। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরি ৬ হাজার ২৯৯ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি ৪ হাজার ৮২ টাকা।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম ঊর্ধ্বমুখী থাকায় তার প্রভাব সরাসরি পড়ছে দেশের বাজারেও। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপার চাহিদা বাড়তে থাকায় আগামী দিনগুলোতেও দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত