ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গাড়ি থামিয়ে ছাত্রনেতাকে কাছে ডাকলেন তারেক রহমান: কী কথা হলো দুজনের মধ্যে?

২০২৬ জানুয়ারি ১২ ১৪:৩৪:১৬

গাড়ি থামিয়ে ছাত্রনেতাকে কাছে ডাকলেন তারেক রহমান: কী কথা হলো দুজনের মধ্যে?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিমের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক আবেগঘন সাক্ষাতের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মুহূর্তেই সেটি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল।

রোববার (১১ জানুয়ারি) হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, গাড়িতে থাকা অবস্থায় দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিজে গাড়ির দরজা খুলে তাকে ডাকেন এবং আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।

হামিম ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন—“আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে গাড়ির দরজা খুলে আমাকে ডেকে নিলেন। এই দলে কোনো পদ আমার প্রয়োজন নেই। তারেক রহমানের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজীবন এই দলের পতাকাতলেই থাকতে চাই।”

পরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিম জানান, তারেক রহমান তাকে কাছে ডেকে শারীরিক অবস্থার খোঁজ নেন। অসুস্থতা সত্ত্বেও কেন এসেছেন জানতে চাইলে হামিম বলেন, শুধু প্রিয় নেতাকে সালাম জানাতেই এসেছেন।

তারেক রহমান তখন তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন। শেষে হামিম তার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।

উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস পদে প্রার্থীও ছিলেন। ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক তৎপরতা ইতোমধ্যেই বেশ পরিচিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত