ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনের আগেই কি পে স্কেল ঘোষণা,স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

২০২৬ জানুয়ারি ০৯ ১৫:৪৪:৩১

নির্বাচনের আগেই কি পে স্কেল ঘোষণা,স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং বাস্তবতা বিবেচনায় সেটিই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।

গভর্নর জানান,

“অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ একটি কাঠামো বা রূপরেখা তৈরি করে যেতে পারে। তবে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।”

তিনি আরও বলেন, নির্বাচন একেবারেই নিকটবর্তী হওয়ায় সরকারের মনোযোগ এখন পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক।

“এক মাস পরই নির্বাচন। এই সময়ে এত বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। নির্বাচনের পর যে সরকার দায়িত্ব নেবে, তারা আগের কাজগুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।”

ক্যাশলেস লেনদেন নিয়ে গভর্নরের মন্তব্য

ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বলেন,ডিজিটাল লেনদেন বাড়লে বাজারে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। তিনি নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব দেন, যা নগদবিহীন লেনদেন আরও উৎসাহিত করবে বলে মনে করেন।

আমদানিনীতির সমালোচনা

দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে গভর্নর বলেন,সরকারি পর্যায়ের অদক্ষতা ও দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় প্রয়োজনীয় পণ্য সময়মতো আমদানি করা যায় না। এর সরাসরি প্রভাব পড়ে বাজারে, যার ফলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

মতবিনিময় সভার প্রেক্ষাপট

২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের ব্যবসায়ী, ব্যাংকার ও অন্যান্য অংশীজনদের মতামত জানতেই বাংলাদেশ ব্যাংক এই সভার আয়োজন করে।

সভায় গভর্নরের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, গভর্নরের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে পে স্কেল ইস্যু নির্বাচনের পরেই নতুন সরকার হাতে নেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত