ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়ায় ক্ষেপে যা বললেন : নাহিদ ইসলাম

২০২৫ ডিসেম্বর ১৯ ০৮:৫৬:৩৫

প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়ায় ক্ষেপে যা বললেন : নাহিদ ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে চলমান আন্দোলনের মধ্যে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, যারা এসব গণমাধ্যমে হামলা ও আগুন দিয়েছে, তারা হাদির আদর্শ বা চিন্তাকে ধারণ করে না; বরং পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শাহবাগে ছাত্র-জনতার সমাবেশে উপস্থিত হয়ে নাহিদ ইসলাম জনগণের প্রতি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, শরিফ ওসমান হাদি যে লক্ষ্য ও দর্শন নিয়ে কাজ করতেন, তা ছিল বাংলাদেশপন্থী ও আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রাম গড়ে তোলা।

আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ

নাহিদ ইসলাম বলেন,শরিফ ওসমান হাদি ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব মিডিয়া ও নিজস্ব সাংস্কৃতিক পরিসর গড়ে তোলার কথা বলতেন। প্রথম আলো ও ডেইলি স্টার নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু সেসব মোকাবিলা করতে হবে আদর্শিক ও গণতান্ত্রিক পথে। যারা অগ্নিসংযোগ করেছে, তারা হাদির দর্শন ধারণ করে না।

তিনি আরও বলেন, হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন সারাদেশ ঐক্যবদ্ধ হওয়ার কথা, তখন কিছু মহল পরিকল্পিতভাবে বিভাজন তৈরির চেষ্টা করছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অস্থিতিশীল ও সহিংস হিসেবে তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান

নাহিদ ইসলাম বলেন,এই ধরনের হামলা আন্দোলনের ক্ষতি করছে এবং যারা আগুন দিচ্ছে, তারাই মূলত আন্দোলনবিরোধী অবস্থান নিচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাদিকে গুলি করার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তবে তা হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে।

তিনি সাংবাদিকসহ সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং মিডিয়া প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্লোগান ও বিক্ষোভ

বক্তব্যের শেষে নাহিদ ইসলামসহ উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা, জনতা জনতা—আপস না সংগ্রাম, গোলামি না আজাদি।

ঘটনার প্রেক্ষাপট

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং তেজগাঁওয়ের তেজতুরি পাড়ায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার সময় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত