ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একলাফে যত টাকা হলো ভরিপ্রতি স্বর্ণের দাম

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ১৪ ০৮:৩২:১৯

একলাফে যত টাকা হলো ভরিপ্রতি স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ানো হলো সোনার দাম। সর্বশেষ ঘোষণায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম এক লাফে বেড়েছে ৩ হাজার ৪৪২ টাকা। ফলে এখন দেশের বাজারে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা—যা এ পর্যন্ত সর্বোচ্চের কাছাকাছি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য বৃদ্ধির কারণেই নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও গত ১২ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ৫০ টাকা। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ায় দুই দফায় ভরিপ্রতি সোনার মূল্য বেড়েছে মোট ৪ হাজার ৪৯২ টাকা। এতে ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,১৫,৫৯৭ টাকা

২১ ক্যারেট: ২,০৫,৮০০ টাকা

১৮ ক্যারেট: ১,৭৬,৩৯৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৬,৮৩৮ টাকা

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা

সনাতন রুপা: ২,৬০১ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয় চাহিদার চাপ থাকলে সামনে আরও দামের ওঠানামা হতে পারে। ফলে গয়না কেনার পরিকল্পনায় থাকা ক্রেতাদের এখনই সিদ্ধান্ত নিতে হচ্ছে বাড়তি হিসাব-নিকাশ করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত