ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:৩৯:০৪

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর বেশি সময় নেই। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বই সরবরাহ শুরু হয়েছে। এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি পাঁচটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক–১) এস. এম. জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবতেদায়ি, মাধ্যমিক বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনালসহ কারিগরি ট্রেড কোর্সের ২০২৬ শিক্ষাবর্ষের বই মুদ্রণকারীরা সরবরাহ করা শুরু করেছেন।

শিক্ষার্থীদের হাতে সময়ে মানসম্পন্ন বই পৌঁছে দেওয়া এবং বিতরণ কার্যক্রম যাতে বাধাহীনভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মাউশির জরুরি ৫ নির্দেশনা১. জেলা, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের অবশ্যই এনসিটিবির নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে বই গ্রহণ করতে হবে।

২. বই পাওয়ার পর দ্রুতই অনলাইনে ‘পাঠ্যপুস্তক গ্রহণ/বিতরণ সিস্টেম’-এ লগইন করে (https://nctb.ihealthscreen.org ) বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে চালান অনুমোদন করতে হবে।

৩. বই গ্রহণের পর বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে অনলাইন চালান অনুমোদন সম্পন্ন করতে হবে।

৪. বই সরবরাহ ও গ্রহণ কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিনেও চলমান থাকবে, যাতে সময়মতো সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া যায়।

৫. জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।

নতুন বছরের শুরুতে পাঠ্যপুস্তক বিতরণকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করতে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত