ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভুল ফলাফল ৮০ হাজার শিক্ষার্থীর, বাংলাদেশে প্রশ্নফাঁস

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:৫১:৩৯

ভুল ফলাফল ৮০ হাজার শিক্ষার্থীর, বাংলাদেশে প্রশ্নফাঁস

যুক্তরাজ্যের আইইএলটিএস (IELTS) পরীক্ষার ফলাফলে বিশাল ভ্রান্তি ধরা পড়েছে। বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী ও অভিবাসীকে পাস দেখানো হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক বছরে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীর ফলাফল ভুলভাবে প্রকাশিত হয়েছে।

এই ভুলের ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অভিবাসীদের যুক্তরাজ্যে ভিসা দেওয়া হয়েছে, যারা প্রকৃতপক্ষে ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। বিশেষত চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে বলে আইইএলটিএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আইইএলটিএসের পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি। প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

প্রযুক্তিগত ত্রুটির কারণ

আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু পরীক্ষার লিসেনিং এবং রিডিং ফলাফলে সমস্যা দেখা দিয়েছে। এই ত্রুটির মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হলেও, এটি প্রায় ৭৮ হাজার পরীক্ষার সমান।

সম্প্রতি এই ত্রুটির বিষয়টি সনাক্ত করা হলে, আইইএলটিএস কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সঠিক ফলাফল প্রদান করেছে।

স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

চিকিৎসকরা সতর্ক করেছেন যে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS) এ কাজ করা অনেক অভিবাসী কর্মীর ইংরেজি ভাষায় দক্ষতা কম। এর ফলে রোগীর স্বাস্থ্য ও চিকিৎসা ঝুঁকির মুখে পড়তে পারে।

ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ইতিমধ্যেই দাবি জানিয়েছে, অযোগ্য অভিবাসীদের দ্রুত নির্বাসন করা উচিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত