ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ শেষবার মাঠে নামছেন দুই কিংবদন্তি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ০৭ ০৮:৫৪:১০

আজ শেষবার মাঠে নামছেন দুই কিংবদন্তি

ফুটবল দুনিয়ায় আজ যেন আবেগের সবচেয়ে ভারি রাত। সব আলো এখন যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে, যেখানে আর কিছু ঘণ্টার মধ্যেই এক অনন্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ফুটবল মাতানো দুই স্প্যানিশ কিংবদন্তি—সার্জিও বুসকেটস ও জর্দি আলবা—আজ তাদের শেষ পেশাদার ম্যাচে মাঠে নামবেন। আর এই বিদায়ী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ইন্টার মায়ামি আজ খেলবে এমএলএস কাপের ফাইনাল, প্রতিপক্ষে কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। লিওনেল মেসি নিজেও চান তাঁর দুই প্রিয় সতীর্থকে শেষ ম্যাচে উপহার দিতে এক অনন্য শিরোপা জয়ের আনন্দ।

বুসকেটস-আলবা: বার্সা থেকে মায়ামি, তারপর বিদায়

২০২৩ সালে বার্সেলোনায় সোনালি যুগের স্মৃতি বুকে নিয়েই মেসির ডাকে ছুটে আসেন বুসকেটস ও আলবা। দুজনই যোগ দেন ইন্টার মায়ামিতে। লেফট-ব্যাক জর্দি আলবা তার ক্যারিয়ার শুরু করেছিলেন ভ্যালেন্সিয়ায়, এরপর বার্সার হয়ে পূর্ণতা পান। ৪৫৯ ম্যাচে শিরোপার পর শিরোপা জেতা, মেসির সঙ্গে অবিশ্বাস্য সব সমন্বয়, চোখ ধাঁধানো অ্যাসিস্ট—সবই তাকে ইতিহাসের পাতায় স্থায়ী করে রেখেছে।

গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন আলবা—“শৈশবের স্বপ্নগুলি শুধু পূরণই হয়নি, তার থেকেও বেশি অর্জন করেছি আমি।”

শেষ ম্যাচটিকে বিশেষ বানাতেই তিনি বললেন—“শেষটা যখন ফাইনাল, তখন আবেগটা আরও অনেক বেশি। আশা করি, সমাপ্তিটা হবে এক সুন্দর জয়ের মাধ্যমে।”

মিডফিল্ডের ‘অক্টোপাস’ বুসকেটস – শেষ স্পর্শ আজ

মাঝমাঠে স্থিরতা, বুদ্ধিমত্তা আর নিখুঁত নিয়ন্ত্রণ—এই গুণগুলো মিলেই সার্জিও বুসকেটসকে বানিয়েছে ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। বার্সেলোনায় তিনি জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। মেসির সঙ্গে দীর্ঘ দিনের জুটি ছিল দলের মেরুদণ্ড।

আজ সেই বুসকেটস নামবেন শেষবারের মতো, এবং তা আবার ফাইনালে—আরও নাটকীয় কিছু হতে পারে কি?

মেসির লক্ষ্য – বন্ধুদের শিরোপা দিয়ে বিদায়

চেজ স্টেডিয়ামের আলো, দর্শকদের গ্যালারি আর মাঠের প্রতিটি ঘাস—সবই অপেক্ষা করছে এক বিশেষ বিদায়ের জন্য। মেসি চান এই ম্যাচটিকে স্মরণীয় করতে। ইনজুরির ধকল পেরিয়ে তিনি প্রস্তুত তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধুর শেষ যাত্রাকে শিরোপায় রাঙাতে।

ইন্টার মায়ামি আজ জিতলে এটি হবে বুসকেটস-আলবার ক্যারিয়ারের শেষ শিরোপা। হারলে? আবেগ আরও বেড়ে যাবে—ফুটবল বিশ্বে দুজন কিংবদন্তির বিদায়ে নেমে আসবে বিষণ্নতা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত