ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০১ ১৯:৫৭:২৬

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের বহু বছরের দাবি—১১তম গ্রেড—বাস্তবায়নের বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তা বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে এবং দাবি পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী।

রবিবার ভোলার মনপুরা উপজেলায় এক অনুষ্ঠানে শিক্ষক সমাজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো উন্নীতকরণের জন্য সংগ্রাম করে আসছেন। তাদের ন্যায্য দাবি—১১তম গ্রেড—মন্ত্রণালয়ও সমর্থন করে। নন-অফিশিয়াল আলোচনায় পাওয়া তথ্য অনুযায়ী, এই দাবি বাস্তবায়নের পথ এখন অনেকটাই সুগম।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত পে-কমিশনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপদেষ্টা শিক্ষকদের বার্ষিক পরীক্ষা নির্বিঘ্নে নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, পরীক্ষা সামনে রেখে বেশিরভাগ শিক্ষক সংগঠন আন্দোলন স্থগিত করায় শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশ বজায় আছে। বাকি কয়েকটি সংগঠনকেও একই পথে আসার অনুরোধ জানান তিনি।

এর আগে শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণের দাবি ইতিমধ্যে ‘যৌক্তিক’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে-কমিশনের সঙ্গে আলোচনাও চলমান।

পে-কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেবে অর্থ বিভাগ। ফলে শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে পারে শিগগিরই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত