ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টানা কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা, কি হবে বার্ষিক পরীক্ষার

২০২৫ নভেম্বর ৩০ ১০:৪৮:৩৩

টানা কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা, কি হবে বার্ষিক পরীক্ষার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিনটি মূল দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এর ফলে দেশে প্রায় সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকা বার্ষিক পরীক্ষা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা পরীক্ষায় অংশ নেওয়া বন্ধ করবেন।

প্রাথমিক শিক্ষক পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন,

“আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। সারাদেশের ৬৫,৫৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।”

ডিপিই সূত্রে জানা যায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৯টি। এখানে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সমস্যার সমাধানসহ অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন।

এর আগে ৮–১২ নভেম্বর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় আবারও কর্মবিরতিতে ফেরেন।

ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান ২৭ নভেম্বর আন্দোলনরত নেতাদের সঙ্গে বৈঠকে বসে বার্ষিক পরীক্ষা বর্জন না করার আহ্বান জানান। তবে শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—

বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত