ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়া অসুস্থ, দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

২০২৫ নভেম্বর ২৯ ১৩:২৩:৫৩

খালেদা জিয়া অসুস্থ, দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান লেখেন,“জীবনের এমন সংকটময় মুহূর্তে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই আমারও রয়েছে। কিন্তু বাস্তবতার কিছু সীমাবদ্ধতা আমাকে সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ারও সুযোগ নেই।”

তিনি আরও উল্লেখ করেন,“রাজনৈতিক বাস্তবতার কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটলেই বহুদিনের প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হবে—এটাই আমাদের পরিবারের প্রত্যাশা ও বিশ্বাস।”

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,“দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসী, দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।”

তারেক রহমান জানান, দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে বলেন,“সবার ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত