ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১০ টাকার ইলিশ–১ টাকার মাংসের পর, এখন মধ্যরাতে ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন

২০২৫ নভেম্বর ২০ ১৮:৩৪:৫৫

১০ টাকার ইলিশ–১ টাকার মাংসের পর, এখন মধ্যরাতে ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন

১০ টাকায় ইলিশ মাছ ও এক টাকায় গরুর মাংস বিতরণ করে সারাদেশে আলোচনায় ওঠা ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল এবার আরও এক মানবিক উদ্যোগে মানুষের মন জয় করেছেন। সর্বশেষ তিনি নিজ উদ্যোগে রাতের আঁধারে অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চাল, নিত্যপ্রয়োজনীয় বাজার ও খাদ্যসামগ্রী।

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে তাকে দেখা যায় মাথায় চালের ব্যাগ আর হাতে বাজারের ঝুড়ি নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে। এলাকার বিভিন্ন দূরবর্তী ঘরে তিনি নিজ হাতে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য সহায়তা। তার সঙ্গে ছিলেন কয়েকজন স্বেচ্ছাসেবক।

স্থানীয়রা জানান, অনেকেই দিনের আলোতে ছবি তুলে বা প্রচারণার উদ্দেশ্যে সাহায্য নিয়ে আসেন, কিন্তু অন্ধকারে নীরবে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়া—এটা খুব কমই দেখা যায়। কোনো ব্যানার, ক্যামেরা বা প্রচারের আয়োজন ছাড়াই মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করেই কাজ করে যাচ্ছেন তিনি।

সহায়তা পাওয়া মানুষজন বলেছেন, রায়হান জামিলের এই আন্তরিকতা সমাজে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তি এভাবে সাহায্যে এগিয়ে আসতেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যেত।

নিজ উদ্যোগ সম্পর্কে মুফতি রায়হান জামিল বলেন,“মানুষের সুখ–দুঃখে পাশে থাকা আমার ঈমানি দায়িত্ব। যারা লজ্জায় সাহায্য চাইতে পারে না, তাদের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন, তা মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই।”

তার এই নীরব মানবিক কার্যক্রম ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে প্রশংসা কুড়াচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত