ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ, ‘লকডাউন প্রস্তুতি’ আলোচনায়

২০২৫ নভেম্বর ১২ ১২:২৬:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ, ‘লকডাউন প্রস্তুতি’ আলোচনায়

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে —চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে এই পাঁচ স্থাপনার তালাবদ্ধ ছবি পোস্ট করে লেখেন,

“১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল — চারুকলা, আইইআর, পুষ্টি, কার্জন হল ও বিজ্ঞান ভবন।”

পরে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ একই ছবি শেয়ার করে মন্তব্য করেন,

“ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন বিএসল। স্বাধীনতার পক্ষের শক্তির অবস্থান নিতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,

“তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে অবহিত করা হয়েছে, তবে এখন পর্যন্ত তার সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ সম্ভব হয়নি।

ঘটনার প্রেক্ষাপট

আওয়ামী লীগের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় দলটি ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। ওই কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা তৈরি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালা লাগানোর ঘটনাকে অনেকে ‘প্রতীকী প্রস্তুতি’ হিসেবে দেখছেন, তবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত