ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো ইসি

২০২৫ অক্টোবর ২১ ০৭:৪১:৩২

শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো ইসি

‘শাপলা’ প্রতীক নিয়ে ফের নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পুনরায় করা আবেদনের পর বিষয়টি আবারও পর্যালোচনায় নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) ইসি সূত্রে জানা গেছে, আইন ও বিধিবিধান যাচাই করে খুব শিগগির এনসিপির পছন্দের প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে কমিশন এনসিপিকে বিকল্প কোনো প্রতীক বাছাইয়ের নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময় হিসেবে ১৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত ৫০টি প্রতীকের তালিকা থেকে নতুন প্রতীক বেছে নিতে বলা হয়েছিল দলটিকে। কিন্তু শেষদিনে এনসিপির একটি প্রতিনিধিদল আবারও ইসিতে গিয়ে ‘শাপলা’ প্রতীক রাখার পক্ষে জোরালো আবেদন জানায়।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমরা এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলেছিলাম। কিন্তু তারা শেষদিনে এসে পুনরায় ‘শাপলা’ প্রতীকের আবেদন করেছে। বিষয়টি এখন কমিশনের আলোচনার টেবিলে উঠবে। কমিশনই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে তাদের প্রতীক বিষয়ে।”

রবিবার সকালে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এনসিপির প্রতিনিধিদল জানান, তারা কোনো চাপিয়ে দেওয়া প্রতীক গ্রহণ করবেন না। দলের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের জন্য শাপলা শুধু প্রতীক নয়, এটি আমাদের রাজনৈতিক পরিচয়ের প্রতিফলন। অন্য কোনো প্রতীকে রাজি নই।”

ফলে নির্বাচন কমিশন আবারও এই প্রতীক নিয়ে আইনগত বিশ্লেষণ শুরু করছে। কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, এনসিপির অনুরোধটি নিয়ম অনুযায়ী যাচাই করা হবে, এরপরই ঘোষণা আসবে চূড়ান্ত প্রতীক বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত