ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের সব স্কুল-কলেজে জরুরি নির্দেশনা! শিক্ষক-কর্মচারীদের জন্য কঠোর সতর্কতা

২০২৫ অক্টোবর ২০ ১২:১৯:৪৪

দেশের সব স্কুল-কলেজে জরুরি নির্দেশনা! শিক্ষক-কর্মচারীদের জন্য কঠোর সতর্কতা

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর পর দেশের শিক্ষা প্রশাসন নড়েচড়ে বসেছে। অগ্নি দুর্ঘটনা এড়াতে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১৯ অক্টোবর) মাউশির পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে আগুন লাগার ঝুঁকি কমে আসে।

বিশেষভাবে বলা হয়েছে, অফিস বা ক্লাসরুম থেকে বের হওয়ার আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে এবং এসির প্লাগ খুলে রাখতে হবে।

অধিদপ্তর মনে করছে, এই ছোট ছোট সতর্কতা মেনে চললে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে যাবে।

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন। নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষাপট

গত কয়েক সপ্তাহে দেশে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়েছে।

১৪ অক্টোবর রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারান ১৬ জন।

১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা।

১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে; আগুন নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

এই ধারাবাহিক দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে মাউশি নতুন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত