ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুলাই সনদ নিয়ে ক্ষুব্ধ শায়খ আহমাদুল্লাহ, ভাইরাল খোলামেলা মন্তব্য

২০২৫ অক্টোবর ১৯ ১৬:০৩:৩০

জুলাই সনদ নিয়ে ক্ষুব্ধ শায়খ আহমাদুল্লাহ, ভাইরাল খোলামেলা মন্তব্য

রাষ্ট্র সংস্কারের নতুন রূপরেখা হিসেবে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে দেশে চলছে ব্যাপক বিতর্ক। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে স্বাক্ষর করেন।

রাজনৈতিক দলগুলোর দীর্ঘ এক বছরের সংলাপ ও আলোচনার ফলেই এই সনদ প্রণয়ন করা হয়। স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা বলেন, “অসম্ভবকে সম্ভব করেছে রাজনৈতিক দলগুলো, যা বিশ্বে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

তবে সনদ প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন—“প্রায় শতভাগ মুসলমানের দেশে কেন সনদের শুরুতে বিসমিল্লাহ নেই?”

এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে শনিবার (১৮ অক্টোবর) বক্তব্য দেন দেশের প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, “জুলাই সনদে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের অবদানকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসা ছাত্র, ধার্মিক মানুষ, আল্লাহর পথে আত্মত্যাগে বিশ্বাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অথচ সনদে এ বিষয়গুলো একেবারেই অনুল্লেখিত।”

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “মুসলিমপ্রধান একটি দেশে ধর্ম থেকে মানুষকে দূরে সরানোর যে প্রবণতা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, তারই প্রতিফলন ঘটেছে এই সনদে। এটি অত্যন্ত হতাশাজনক ও আপত্তিকর।”

তবে তিনি এটিও স্বীকার করেন যে, “ত্রুটি ও অপূর্ণতা থাকা সত্ত্বেও রাষ্ট্র সংস্কারের এমন একটি সনদ প্রণয়ন প্রয়োজন ছিল। এটি অন্তত একটি আনুষ্ঠানিক কাঠামো দিয়েছে।”

সবশেষে আহমাদুল্লাহ বলেন, “জুলাই সনদে যে ভুলগুলো রয়েছে, সেগুলো আগে থেকেই জানানো হয়েছিল। অথচ কেউ সংশোধনের উদ্যোগ নেয়নি। এতে জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আমি আশা করব, সংশ্লিষ্টরা এখন অন্তত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত