ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাকসু নির্বাচনের ফলাফলের নতুন সময় ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৯:২৩:২৩

জাকসু নির্বাচনের ফলাফলের নতুন সময় ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল রাত ১০টা থেকে ১১টার মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মূলত প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাতে ভোট গণনা (ম্যানুয়াল) করার সিদ্ধান্ত নেওয়ায় সময় বেশি লাগছে। শুরুতে ধীরগতিতে গণনা হলেও পরে তা দ্রুত হয়েছে। প্রথমে ৫টি টেবিলে ভোট গণনা হলেও শুক্রবার সকালে তা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়েছে। প্রতিটি টেবিল সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অধ্যাপক রাশিদুল বলেন, “ওএমআর মেশিন ব্যবহারের প্রস্তুতি থাকলেও হাতে গণনার কারণে কাজ দীর্ঘায়িত হয়েছে। আমরা আশা করছি, রাত ১০টার পর ফলাফল দেওয়া সম্ভব হবে।”

ভোটগ্রহণ ও পরিস্থিতি

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু হলে ভোটগ্রহণ দেরিতে শেষ হয়। এবার মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন লড়ছেন। ছাত্রীদের ১০টি হলে মোট ১৫০ পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না এবং ৬৭টি পদে ছিলেন একক প্রার্থী। ফলে মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ হয়েছে। এছাড়া ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ভোট বর্জন

অন্যদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এছাড়া আরও চারটি প্যানেল— সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল— ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

সাগর /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত