ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, জেনেনিন আজকের আবহাওয়া

২০২৫ আগস্ট ১৮ ০৮:৪১:৩৬

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, জেনেনিন আজকের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন এই লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়া

১৮ আগস্ট (সোমবার):রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা-রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯ আগস্ট (মঙ্গলবার):রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি চলমান থাকবে।

২০ আগস্ট (বুধবার):দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি-বজ্রঝড়ের প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

২১ আগস্ট (বৃহস্পতিবার):রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিবর্তন

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত