ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্তরার মাইলস্টোন কলেজ ট্র্যাজেডির আহত, নিহত ও নিখোঁজের সর্বশেষ হালনাগাদ

২০২৫ জুলাই ২৪ ২০:০৯:৩১

উত্তরার মাইলস্টোন কলেজ ট্র্যাজেডির আহত, নিহত ও নিখোঁজের সর্বশেষ হালনাগাদ

নিজস্ব প্রতিবেদক :উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার তিন দিন পর আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বশেষ সংখ্যা। বিবৃতিতে বলা হয়েছে, এ পর্যন্ত নিহত হয়েছেন ২২ জন, নিখোঁজ রয়েছেন আরও ৫ জন এবং আহত হয়েছেন অন্তত ৫১ জন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, গত ২১ জুলাই দুপুর ১টা ১২ থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে প্রতিষ্ঠানটির একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে অবস্থান করছিলেন, যাদের বেশিরভাগই দুর্ঘটনার শিকার হন।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় স্কুল শাখার ১৮ শিক্ষার্থী, ২ শিক্ষক এবং ২ অভিভাবক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ৪০ শিক্ষার্থী, ৭ শিক্ষক, ১ অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন।

এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন, যাদের মধ্যে আছেন ৩ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিখোঁজদের শনাক্তকরণ ও অনুসন্ধানের কাজ এখনো চলছে।

এর আগে ২২ জুলাই মাইলস্টোন কলেজ একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, তারা শুধুমাত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের তথ্য প্রকাশ করছে এবং দফায় দফায় হালনাগাদ করে যাচ্ছে।

এদিকে, আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।

দেশজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা এবং দুর্ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত