ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্পেনের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা, কত নাম্বার পেলেন ইয়ামাল-গাভি

২০২৬ জুন ০৩ ১৯:১৪:৩৯

স্পেনের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা, কত নাম্বার পেলেন ইয়ামাল-গাভি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের খেলোয়াড়দের জার্সি নম্বর চূড়ান্ত করেছে অন্যতম ফেভারিট দল স্পেন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নামতে যাওয়া বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল তার পরিচিত ১৯ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন। তবে স্পেনের জার্সি নম্বর বণ্টনে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মিডফিল্ডার গাভির নম্বরটি। সাধারণত স্ট্রাইকারদের জন্য বরাদ্দ থাকা ঐতিহ্যবাহী ‘৯’ নম্বর জার্সিটি এবার দেখা যাবে এই প্রতিভাবান মিডফিল্ডারের গায়ে।

স্পেনের ফুটবল ইতিহাসে ৯ নম্বর জার্সিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, যা অতীতে কিংবদন্তি ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস এবং আলভারো মোরাতার মতো তারকারা পরেছেন। একজন মিডফিল্ডারকে এই নম্বর দেওয়ার বিষয়টি ফুটবল ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে, দলের অন্যতম প্রধান অস্ত্র দানি ওলমো পেয়েছেন মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি। ফরোয়ার্ড নিকো উইলিয়ামস খেলবেন ১৭ নম্বর জার্সিতে এবং মিকেল ওইয়ারসাবালকে দেখা যাবে ২১ নম্বরে। গোলরক্ষকদের মধ্যে ডেভিড রায়া ১ নম্বর এবং উনাই সিমন ২৩ নম্বর জার্সি পেয়েছেন।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জার্সি নম্বর ঘোষণার পাশাপাশি দলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন। তিনি স্পেনকে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দে লা ফুয়েন্তে বলেন, "আমি এটা বলতে দ্বিধা করি না যে আমরা ফেভারিটদের মধ্যে আছি। তবে আমাদের বাস্তবতার মাটিতে পা রাখতে হবে। কারণ ইংল্যান্ড বা ফ্রান্সের মতো দলগুলোও সমানভাবে শক্তিশালী।"

বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ইরাক ও পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে 'লা রোহা'রা। এরপর গ্রুপ 'এইচ'-এ তাদের লড়াই হবে কেপ ভার্দে, সৌদি আরব এবং শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।

একনজরে স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ও জার্সি নম্বর:ডেভিড রায়া (১), মার্ক পুবিল (২), আলেহান্দ্রো গ্রিমালদো (৩), এরিক গার্সিয়া (৪), মার্কোস ইয়োরেন্তে (৫), মিকেল মেরিনো (৬), ফেরান তোরেস (৭), ফাবিয়ান রুইজ (৮), গাভি (৯), দানি ওলমো (১০), ইয়েরেমি পিনো (১১), পেদ্রো পোরো (১২), জোয়ান গার্সিয়া (১৩), আইমেরিক লাপোর্তে (১৪), আলেক্স বায়েনা (১৫), রদ্রি (১৬), নিকো উইলিয়ামস (১৭), মার্টিন সুবিমেন্দি (১৮), লামিনে ইয়ামাল (১৯), পেদ্রি (২০), মিকেল ওইয়ারসাবাল (২১), পাও কুবার্সি (২২), উনাই সিমন (২৩), মার্ক কুকুরেয়া (২৪), ভিক্টর মুনিয়োজ (২৫) এবং বোরহা ইগলেসিয়াস (২৬)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত