ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

২০২৬ মে ২৯ ২৩:১৬:১০

৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে গেছে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থানগুলো সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সরাসরি এই নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে নামেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

প্রেস উইং জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করতেই এই পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের সময় তিনি গুলশান, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, যাত্রাবাড়ী, ধোলাইখাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হবে এবং নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত