ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইতিহাস গড়ে পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

২০২৬ মে ১৯ ২০:৩৮:৫১

ইতিহাস গড়ে পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী ২৭ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছেন। স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স এবং গনসালো রামোসের মতো তারকারা। ফলে এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে যাচ্ছে ইউরোপের এই দলটি।

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদোরা।

রোনালদোর জন্য এবারের বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া এই ফুটবলার এবার আরও একটি ইতিহাস নিজের নামে লিখেছেন। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

গোলপোস্টের দায়িত্বে থাকছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো। রক্ষণভাগে আছেন রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস ও দিওগো দালোতের মতো নির্ভরযোগ্য ফুটবলাররা।

মাঝমাঠে পর্তুগালের শক্তি আরও বেশি। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা, জোয়াও নেভেস ও বার্নার্দো সিলভাদের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। অন্যদিকে আক্রমণভাগে রোনালদোর সঙ্গে থাকছেন রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো ও গনসালো রামোস।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ ও ট্রেনিং ক্যাম্পে দলকে আরও ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে কোচ মার্তিনেসের। অভিজ্ঞতা, গতি ও আক্রমণাত্মক ফুটবলের মিশেলে এবার বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখছে পর্তুগাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত