ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, ই-লোন চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

২০২৬ মে ১১ ১৭:৩৪:৩৯

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, ই-লোন চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ব্যাংকের ওয়েবসাইট ব্যবহার করে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণ করতে পারবেন। এ জন্য সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা আরও গ্রাহকবান্ধব ও সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদহার নির্ধারণ করতে পারবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। পাশাপাশি ঋণ অনুমোদনের আগে গ্রাহকের সিআইবি রিপোর্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না।

ই-লোন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল ও আগাম ঋণ পরিশোধ সংক্রান্ত সব তথ্য গ্রাহককে আগেই জানাতে হবে। গ্রাহকের অনুমতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সাইবার নিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং ওটিপি ব্যবস্থার মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

ব্যাংকারদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ডিজিটাল গ্রাহকদের জন্য ঋণ পাওয়া আরও সহজ হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবায় সময় ও খরচ কমবে এবং ডিজিটাল লেনদেন বাড়বে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত