ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশ—ভুল করলে বন্ধ হতে পারে বৃত্তির টাকা!

২০২৬ এপ্রিল ১৩ ১৭:০৭:৩৯

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশ—ভুল করলে বন্ধ হতে পারে বৃত্তির টাকা!

দেশজুড়ে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে পৌঁছাতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য এন্ট্রিতে সামান্য ভুল থাকলেও শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হতে পারে, তাই নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে বিভিন্ন বৃত্তি ও উপবৃত্তির তথ্য নির্ধারিত সফটওয়্যারে সঠিকভাবে আপডেট করার নির্দেশ দিয়েছে। এক অফিস আদেশে জানানো হয়, মেধা ও সাধারণ বৃত্তি ছাড়াও সংখ্যালঘু, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক এবং কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে।

এবার বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে পাঠানো হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে এমআইএস সফটওয়্যারে সঠিক তথ্য ইনপুট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষভাবে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ব্যাংক তথ্যে ভুল থাকার কারণে পূর্বে বৃত্তির টাকা ফেরত গেছে, তাদের তথ্য দ্রুত সংশোধন করতে হবে। ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর বা অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে তা ঠিক করে অ্যাকাউন্ট সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, যেসব শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেলেও এখনো তাদের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে যুক্ত করতে হবে।

মাউশি সতর্ক করে জানিয়েছে, সরকারি গেজেট অনুযায়ী সঠিক তথ্য এন্ট্রি না হলে বৃত্তির অর্থ বিতরণ সম্ভব হবে না। কোনো ধরনের ভুল বা অনিয়ম ধরা পড়লে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বহন করতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত