ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভয়াবহ বিমান দুর্ঘটনা: এক ভুলেই সবকিছু শেষ হয়ে গেলো, কেউ বাঁচেনি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জানুয়ারি ২৯ ০৯:৪০:৫১

ভয়াবহ বিমান দুর্ঘটনা: এক ভুলেই সবকিছু শেষ হয়ে গেলো, কেউ বাঁচেনি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তবর্তী দুর্গম এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটি কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের প্রায় ১১ মিনিট আগে বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, শেষ মুহূর্তে বিমানের উচ্চতা দ্রুত কমে যাচ্ছিল, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়।

কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় কেউই জীবিত নেই। নিহতদের মধ্যে ছিলেন দেশটির নিম্নকক্ষের সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরো এবং একই আসনের নির্বাচনী প্রার্থী কার্লোস সালসেদো সালাজার। এছাড়া বিমানের দুইজন ক্রু সদস্যও প্রাণ হারিয়েছেন।

পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস এক সংবাদ সম্মেলনে গভীর শোক প্রকাশ করে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধার সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

দুর্ঘটনাস্থল কাতাতুম্বো অঞ্চলের গভীর জঙ্গল ও পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধার কার্যক্রমে চরম বেগ পেতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভৌগোলিক অবস্থান তদন্তকে আরও জটিল করে তুলেছে। প্রাথমিকভাবে আবহাওয়াজনিত কারণকেই সম্ভাব্য একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, কুকুতা–ওকানিয়া রুটটি মাত্র গত বছর চালু হয়েছিল, যা অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছিল। সেই রুটেই এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশকে শোকস্তব্ধ করে দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত