ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সব রেকর্ড ছাপিয়ে সোনার দামে নতুন ইতিহাস

২০২৬ জানুয়ারি ২৬ ০৮:১৫:৪৮

সব রেকর্ড ছাপিয়ে সোনার দামে নতুন ইতিহাস

দেশের স্বর্ণবাজারে আবারও সৃষ্টি হলো নতুন ইতিহাস। টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। ফলে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২৬ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে বাজারে সোনার মূল্য—

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৭,১৯১ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৫,৫২৭ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১০,৪১৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭২,৯১৯ টাকা

চলতি মাসে একের পর এক দফায় দাম বাড়ার ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সোনার দর ২৫ হাজার টাকারও বেশি বেড়েছে। কখনো সামান্য কমলেও কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই আবার নতুন রেকর্ড গড়ে ঊর্ধ্বমুখী হয়েছে বাজার।

শুধু সোনাই নয়, রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৭,২৩২ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৯৪০ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৯৪৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,৪৩২ টাকা

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং স্থানীয় চাহিদা—সব মিলিয়ে এই রেকর্ড গড়া দামের পেছনে বড় ভূমিকা রাখছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত