ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে আড়াই গুণ

২০২৬ জানুয়ারি ২২ ০৮:২৯:২৫

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে আড়াই গুণ

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। নতুন পে স্কেলে বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রায় ছয় মাসের গবেষণা ও বিশ্লেষণের পর বেতন ও ভাতা বৃদ্ধির এই কাঠামো চূড়ান্ত করেছে কমিশন।

অর্থনৈতিক চাপ ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই আয়-বৈষম্য কমানো এবং সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে গত জুলাই মাসে গঠন করা হয় পে কমিশন।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াবে ১:৮। পুরো কাঠামো কার্যকর করতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই নতুন পে স্কেল কার্যকর হতে পারে, যা বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেতন কমিশনের চেয়ারম্যানের ভাষায় এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন। ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে চলতি জানুয়ারি থেকেই কিছু পর্যায়ে বেতন সমন্বয়ের সুফল পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত