ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নতুন পে-স্কেল চূড়ান্ত: কবে থেকে বাড়বে বেতন, কত টাকা লাগবে সরকারের

২০২৬ জানুয়ারি ১৭ ০৮:১০:৪৫

নতুন পে-স্কেল চূড়ান্ত: কবে থেকে বাড়বে বেতন, কত টাকা লাগবে সরকারের

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন পে-স্কেল আংশিকভাবে কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। আর পুরোপুরি বাস্তবায়ন করা হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ধাপে ধাপে বড় পরিবর্তন আসবে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্র জানিয়েছে, নতুন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকার আগেভাগেই আর্থিক প্রস্তুতি নিতে শুরু করেছে।

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত কাঠামো পুরোপুরি কার্যকর করতে হলে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। এই বিপুল অঙ্কের অর্থ জোগান দেওয়ার বিষয়টি নিয়েই এখন চলছে উচ্চপর্যায়ের আলোচনা।

জানা গেছে, প্রস্তাবিত বেতনকাঠামোতে নিচের দিকের গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যাতে আয় বৈষম্য কিছুটা কমানো যায় এবং নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হয়।

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরই সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত