ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পরামর্শ দিলেন উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ১৬ ২২:৩৪:১৬

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পরামর্শ দিলেন উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বেতন কাঠামো চূড়ান্ত করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি কাজ করছে এবং তাদের সুপারিশ পাওয়ার পরই সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

শুক্রবার নাটোরের গুরুদাসপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, পে-স্কেল একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। এতে লাখো কর্মচারীর জীবনযাত্রার মান সরাসরি জড়িত। তাই তাড়াহুড়ো নয়, বরং বাস্তবতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, কমিটির রিপোর্ট হাতে পেলেই তা পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমোদনের মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, তাদের ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।

এদিকে তিনি গণভোট ও প্রশাসনের ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের জন্য প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেরও বড় দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষকে সঠিক তথ্য জানানো এবং সচেতন করা জরুরি।

নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী দিনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত