ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:৪৫:০৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার প্রদর্শন ও সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দুটি করে খাড়া ব্যানার ক্যাম্পাসের দৃষ্টিনন্দন স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগ পর্যন্ত সব ধরনের সরকারি চিঠিপত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্রে গণভোটের লোগো সংযুক্ত রাখতে বলা হয়েছে। লোগোর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাউশি আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সভা, সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি কিংবা নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম বা জনসমাবেশ আয়োজন করা যাবে না।

শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাঙ্গনকে রাজনীতি ও অস্থিরতা থেকে মুক্ত রেখে নিরপেক্ষ পরিবেশ বজায় রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গণভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত