ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে কঠিন সিদ্ধান্ত জানালেন মেসি

২০২৬ জুলাই ১৯ ২২:০০:০০

ফাইনালের আগে কঠিন সিদ্ধান্ত জানালেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে মহারণে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুরো দল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই পোস্টে দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে একতা, সংগ্রাম ও অর্জনের গল্প তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসি লিখেছেন, "একটা পরিবার। গত কয়েক বছরে শুধু কয়েকটি শিরোপাই জিতিনি, আমরা একসঙ্গে অসাধারণ একটি যাত্রা পার করেছি। প্রতিদিনের লড়াই, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত আমরা একসঙ্গে উপভোগ করেছি। আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ। তারা এই দলকে সত্যিই একটি পরিবারের মতো গড়ে তুলেছেন।"

৩৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, "রবিবার যা-ই হোক না কেন, এই দল এমন একটি গল্প লিখে ফেলেছে, যা কখনো মুছে যাবে না।" তার এই বক্তব্যের পর অনেক সমর্থকই মনে করছেন, এটি হয়তো বিশ্বকাপ মঞ্চে নিজের শেষ ম্যাচের আগে আবেগঘন বিদায়ের ইঙ্গিতও হতে পারে। যদিও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার স্মৃতিও তুলে ধরেছেন মেসি। তিনি জানান, জাতীয় সংগীত বাজানোর মুহূর্ত থেকেই পুরো দল বিশেষ কিছু অনুভব করছিল। সেই জয় আর্জেন্টিনার মানুষকে যে আনন্দ দিয়েছে, তা দেখে তিনি গর্বিত ও আনন্দিত।

ফাইনাল প্রসঙ্গে মেসি বলেন, "এক বছর ধরে আমরা এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়েছি। কঠোর পরিশ্রম করেছি, নিজেদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি। এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই।"

তিনি আরও যোগ করেন, "এই দল কখনো কারও কাছে ঋণী নয়। আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং সেই বিশ্বাস নিয়েই আরেকটি বিশ্বকাপ ফাইনালে উঠেছি।"

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে। একই সঙ্গে এটি হতে পারে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি স্বর্ণালি অধ্যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ