ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ রেকর্ড ভাঙল সোনার দাম, দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ মূল্য

২০২৬ জানুয়ারি ১৩ ০৮:৩২:১২

হঠাৎ রেকর্ড ভাঙল সোনার দাম, দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ মূল্য

দেশের স্বর্ণবাজারে হঠাৎ করেই বড় ধরনের উলটপালট পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার ফলে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এই প্রভাব পড়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্যতালিকা মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশে সোনার সর্বোচ্চ দাম ছিল ভরিতে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল সোনার বাজার।

বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য সাইট গোল্ডপ্রাইস ডট অর্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।

নতুন দর অনুযায়ী সোনার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,৩২,০৫৫ টাকা

২১ ক্যারেট: ২,২১,৪৯৯ টাকা

১৮ ক্যারেট: ১,৮৯,৮৯০ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৬,৮৮১ টাকা

রুপার বাজারেও একই সঙ্গে ঊর্ধ্বগতি দেখা গেছে।

২২ ক্যারেট রুপা: ৫,৯৪৯ টাকা

২১ ক্যারেট: ৫,৭১৫ টাকা

১৮ ক্যারেট: ৪,৮৯৯ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের সোনার দিকে ঝোঁক বাড়ার কারণেই এই মূল্যবৃদ্ধি হয়েছে। সামনে পরিস্থিতি আরও অস্থির হলে সোনার দাম নতুন রেকর্ড ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত