ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জরুরি বিজ্ঞপ্তি: শিক্ষক-কর্মচারীদের জন্য, না মানলে ব্যবস্থা

২০২৬ জানুয়ারি ১৩ ০৮:২৫:০৯

জরুরি বিজ্ঞপ্তি: শিক্ষক-কর্মচারীদের জন্য, না মানলে ব্যবস্থা

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অনুমতি বা ছুটির আবেদন ছাড়া কেউ অধিদপ্তরে উপস্থিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক-কর্মচারী নিয়মিতভাবে অধিদপ্তরে সরাসরি উপস্থিত হচ্ছেন। এতে একদিকে যেমন দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয়ে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, ইনডেক্স সংশোধন, বেতন বকেয়া, প্রশিক্ষণ মনোনয়নসহ যাবতীয় প্রশাসনিক কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডকেটের মাধ্যমে পাঠাতে হবে। কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

অধিদপ্তরে সরাসরি আসতে হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী বা প্রতিষ্ঠানপ্রধানকে অবশ্যই অফিস আদেশ, ছুটির অনুমতি বা কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা বিষয়টি যাচাই করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো—শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা এবং দপ্তরের কাজকে আরও শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ করা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত