ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সবার কাছে দোয়া চাইলেন তাহসান

২০২৬ জানুয়ারি ১১ ১০:২১:১৭

সবার কাছে দোয়া চাইলেন তাহসান

গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের এক বছর না পেরোতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতে শুরু করে। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেন তাহসান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে প্রথমবারের মতো একটি গণমাধ্যমে নিজের ও স্ত্রী রোজা আহমেদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না বলেও জানান।

তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে সম্প্রতি যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়। বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন,“সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। তবে এ নিয়ে বিস্তারিত কথা বলব, এখন নয়।”

কবে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন প্রশ্নে তাহসান জানান, বিষয়টি বেশ বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। তাঁর ভাষায়, তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা রয়েছেন।“গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম,” বলেন তিনি।

এই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং গান থেকেও অনেকটা দূরে রয়েছেন বলে জানান তাহসান।

নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন এই শিল্পী। তিনি জানান, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে আনতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই স্বীকার করেন তিনি।

বর্তমানে একা একা ভ্রমণ করছেন তাহসান। তাঁর কথায়,“ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত