ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৈনিক ৬ ঘন্টার কাজে আকাশ ছোয়া বেতন, তবুও মিলছে না শ্রমিক

২০২৬ জানুয়ারি ০৪ ১৯:১৭:০০

দৈনিক ৬ ঘন্টার কাজে আকাশ ছোয়া বেতন, তবুও মিলছে না শ্রমিক

দিনে কাজ করতে হবে মাত্র ৬ ঘণ্টা। সময়ও খুব বেশি নয়—সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মাস শেষে বেতন প্রায় ৪ হাজার ৪০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকা। এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কাজের লোক মিলছে না! অবিশ্বাস্য মনে হলেও এমন বাস্তব পরিস্থিতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া।

শ্রমিক সংকটের কারণে দেশটির লেবু চাষিরা পড়েছেন চরম বিপাকে। গাছে গাছে পাকা লেবু ঝুলছে, কিন্তু তা তুলতে না পারায় মাঠেই পড়ে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ ফল। এতে করে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর ১ জুলাইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন লেবু খামারে শুধু গাছ থেকে পাকা লেবু তোলার জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। কাজটি তুলনামূলক সহজ হলেও পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যানি ওয়েবস্টার নিজেই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহ্বানে ব্যাপক সাড়া মিললেও বাস্তবে কাজ করতে আগ্রহী কর্মী খুবই কম।

অ্যানি ওয়েবস্টার বলেন,

“সানরেশিয়া অঞ্চলের লেবু চাষিরা ভয়াবহ সমস্যায় পড়েছেন। গাছে প্রচুর লেবু হয়েছে, উৎপাদনে কোনো ঘাটতি নেই। কিন্তু তা সংগ্রহ করে বাজারে পাঠানোর মতো লোক নেই। ফলে পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, প্রতিদিন এই কাজে ২২৫ ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। মাস শেষে বেতন দাঁড়ায় প্রায় ৪ হাজার ৪০০ ইউরো। তবুও এই ধরনের কর্মী সংকট তিনি এর আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, করোনাভাইরাস মহামারির পর থেকেই মূলত এই সংকট তীব্র হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রায় ২১ হাজার বিদেশি মৌসুমি শ্রমিক থাকলেও তারা বর্তমানে অন্য খাতে কাজ করছেন। পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ সীমিত থাকায় নতুন শ্রমিক প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলেই কৃষিখাতে দেখা দিয়েছে ভয়াবহ শ্রমিক সংকট।

চাষিরা আশঙ্কা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে লেবু শিল্পে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে অস্ট্রেলিয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত