ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষকদের দারুন সুখবর দিলেন উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৩ ১৭:৪৮:২৩

শিক্ষকদের দারুন সুখবর দিলেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ১১তম গ্রেড বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে বেতন কমিশনের আওতাভুক্ত এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অবস্থান ও যুক্তি ইতোমধ্যে সংশ্লিষ্ট সবার কাছে তুলে ধরা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, যাতে সিদ্ধান্তটি বাস্তব রূপ পায়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

আন্দোলন প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে উপদেষ্টা বলেন, পরীক্ষা চলাকালে আন্দোলনে যাওয়াটা যুক্তিসংগত ছিল না। তবে তিনি স্পষ্ট করে জানান, শিক্ষকদের দাবি অযৌক্তিক নয়। সরকার বরাবরই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষকরা পরে বিষয়টি অনুধাবন করে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে শিক্ষার্থীরা কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে, কারণ পুনরায় পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন বই নিয়ে স্বস্তির বার্তা

নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, প্রাথমিক স্তরের প্রায় সব পাঠ্যবই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, বই ছাপা ও সরবরাহ—সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে বড় ধরনের সংস্কারের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, শিক্ষক হওয়ার আগেই বাধ্যতামূলক প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স। উপদেষ্টা বলেন, এতে শিক্ষকতায় আগ্রহী ও নিবেদিতপ্রাণ মানুষরা পেশাগতভাবে আরও দক্ষ হয়ে উঠবেন। ফলে প্রাথমিক শিক্ষা খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসবে।

শিক্ষক নিয়োগে লাইসেন্স ব্যবস্থার ইঙ্গিত

শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিশ্বের অনেক দেশেই প্রাথমিক শিক্ষক হওয়ার আগে নির্দিষ্ট প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক। যেমন চিকিৎসকদের এমবিবিএস পাসের পর লাইসেন্স নিতে হয়—ঠিক তেমনি ভবিষ্যতে বাংলাদেশেও শিক্ষকদের জন্য লাইসেন্স পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।

ডিপিএড কোর্সের বিস্তারিত

নেপ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিপিএড প্রোগ্রাম চালু হবে। প্রাথমিকভাবে দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) পাইলটিং ভিত্তিতে এটি চালু করা হবে।

পিটিআইগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। ১০ মাস মেয়াদি এই কোর্সটি হবে অনাবাসিক ও বৈকালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত