ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারতীয় পেঁয়াজের প্রবেশমাত্রই বাজারে দরপতন! কমতে শুরু খুচরা দাম

২০২৫ ডিসেম্বর ০৭ ২২:৫৯:৩৯

ভারতীয় পেঁয়াজের প্রবেশমাত্রই বাজারে দরপতন! কমতে শুরু খুচরা দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, আর এর প্রভাব পড়তে দেরি হয়নি দেশের বাজারে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে প্রথম চালান দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পাইকারি মোকামে দর কমতে শুরু করে, যা দ্রুতই খুচরা বাজারেও প্রভাব ফেলে।

এদিন আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের প্রথম চালান প্রবেশ করে দেশে। নতুন চালানের খবর ছড়িয়ে পড়তেই আমদানি-নির্ভর পেঁয়াজের বাজারে তৈরি হয় স্বস্তির হাওয়া। ব্যবসায়ীরা জানান—দাম এখন কমতির দিকে, এবং আগামী কয়েকদিনে বাজার আরও স্থিতিশীল হতে পারে।

স্থানীয় ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, ভারতীয় পেঁয়াজের আগমন বাজারে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। ফলে পাইকারি দাম কমতে শুরু করেছে।আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, “যে শুকনা পেঁয়াজ গত কয়েকদিন আগে ১৩০ টাকা কেজি ছিল, সেটিই এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। অপরদিকে পাতা-মুড়িকাটা পেঁয়াজ ১০০ থেকে নেমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।”

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন—বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন। তার মতে, “যদি আইপি আরও উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে পেঁয়াজের বাজার আরও দ্রুত স্বাভাবিক হবে এবং দাম আরও কমে আসবে।”

পেঁয়াজ আমদানির পুনরায় সূচনা ভোক্তা পর্যায়ে স্বস্তি এনে দিলেও বাজার পুরোপুরি স্থিতিশীল হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত