ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১২ বছর পর আমিরাত ভিসা খুলছে

২০২৫ ডিসেম্বর ০৩ ২২:৩৩:১৪

১২ বছর পর আমিরাত ভিসা খুলছে

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি সময়। এ অবস্থায় সম্প্রতি আবুধাবিতে আয়োজিত এক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন দেশটির বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ।

রাষ্ট্রদূত জানান, আমিরাত সরকার বাংলাদেশিদের বিরুদ্ধে বড় কোনো অপরাধের প্রমাণ না পেলেও ছোট ছোট নিয়ম ভঙ্গ, আচরণগত শৃঙ্খলাভঙ্গ ও কমিউনিটির অভ্যন্তরীণ কিছু অনিয়ম ভিসা অনুমোদনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়—বাংলাদেশি প্রবাসীদের মধ্যকার অপরাধ ও বিশৃঙ্খলা কমানো না গেলে ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, আমিরাতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির দায়িত্ব—দেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং আইন মেনে চলা। মানবিক ও জাতীয় স্বার্থ বিবেচনায় তিনি সবাইকে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান। রাষ্ট্রদূতের মতে, কমিউনিটি যদি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং ইতিবাচক আচরণ প্রদর্শন করে, তাহলে ভবিষ্যতে UAE ভিসা নীতিতে অনুকূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আবুধাবির আল বাহাইয়্যা রিসোর্টে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আবুধাবি এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় প্রবাসীদের দায়িত্বশীলতা, কমিউনিটি উন্নয়ন এবং সচেতন আচরণ—এই তিন বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ছিল মিলাদ ও দোয়া, পিঠা উৎসব, শিশুদের বিনোদন, খেলাধুলা এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন। পরিবার নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা দেশ ও কমিউনিটির কল্যাণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনরায় জোর দিয়ে বলেন, বাংলাদেশিদের ইতিবাচক ভূমিকা, আইন মানা এবং সুনাম বজায় রাখাই ভবিষ্যতে আমিরাত ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত